ভারতে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে টিকার জন্য হাহাকার
পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা। করোনা মহামারীর মধ্যে বিধানসভা নির্বাচনের ফলে পরিস্থিতি আরো নাজুক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজ্যের হাসপাতালগুলোতে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগীদের জন্য বেড বা শয্যা পেতে হাহাকার উঠেছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এই ভয়ানক পরিস্থিতিতে হঠাৎ করে উত্তর ও দক্ষিণ ২৪পরগনা জেলার একাধিক কেন্দ্রে টিকাদান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
টিকা শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয়ে টিকা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস ঝুলিয়ে দিয়েছে। এ দিকে কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে উপস্থিত জনতার বিরোধের ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৪পরগনা জেলাজুড়েই করোনার টিকার জন্য হাহাকার শুরু হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সাধারণ মানুষকে টিকা না পেয়ে ফিরতে হচ্ছে। অনেক হাসপাতালেই টিকা শেষ হয়ে গেছে। একাধিক হাসপাতালে নোটিস টাঙিয়ে আপাতত টিকাদান বন্ধ থাকার কথা জানিয়ে দেয়া হয়েছে।