ভারতে করোনায় মৃতদের চিতা নিয়ে চীনের ব্যঙ্গ করার অভিযোগ
প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে ভারত, ফলে সর্বক্ষণই সেখানে জ্বলছে লাশ পোড়ানোর চিতা। এবার সেই জ্বলন্ত চিতার ছবির সঙ্গে রকেট উৎক্ষেপণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
চীনের এই ভূমিকা নিয়ে এরইমধ্যে নিন্দার ঝড় উঠেছে ভারতজুড়ে। যদিও পরে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্টটিকে ডিলিট করে দেয়া হয়।
চীনের কমিশন ফর পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিশনের কেন্দ্রীয় কমিটি গত শনিবার তাদের উইবো নামে সোশ্যাল অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে, যা চীনা কমিউনিস্ট পার্টির একটি উইং। একটি ছবিতে দেখানো হয়, চীন রকেট উৎক্ষেপণ করছে। অন্যটিতে দেখা যায় ভারতে করোনা মহামারীকালে চিতা জ্বলছে। এই দুটি পাশাপাশি পোস্ট করে নিচে ক্যাপশন লেখা হয়েছে, ‘চীন ইগনাইটেড ভার্সাস ইন্ডিয়া ইগনাইটেড।’
এ ছাড়াও চীনা সংবাদমাধ্যম ডিজিটাল টাইমসের সূত্র ধরে জানা গেছে, চীনের পলিটিক্যাল অনলাইনে ও তিয়ানজিন মিউনিসিপ্যাল পিপিলস প্রোকিউরোটোরেটে ভারতের মহামারি দশা নিয়ে ব্যঙ্গ করা একাধিক চিত্র প্রকাশিত হয়।
তবে অতি সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়ার ওই ছবি অবশ্য ডিলিট করে দেয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথোপকথনের পরই ওই পোস্টটি ডিলিট করে দেয়া হয়। ওই কথোপকথনে চীন যে ভারতের মহামারী পরিস্থিতিতে ভারতের পাশে আছে, সেই বার্তাও দেয়া হয়।