ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত সর্বোচ্চ সংখ্যক
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি এর আগে।
বর্তমানে বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতই এখন এক নম্বর। ভারতে এখন ১২ লাখেরও বেশি মানুষের রোজ করোনা পরীক্ষা করা হচ্ছে।
প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সব চেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে রাতে কারফিউ জারি করা হয়েছে। তাছাড়া প্রতি শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত লকডাউনও থাকবে। লখনউ ও দিল্লিতেও রাতে কারফিউ জারি করা হয়েছে।
ভারতে করোনার প্রকোপ আবার এতটা বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ড ভারতীয়দের তাদের দেশে ঢোকা বন্ধ করে দিয়েছে।