শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে করোনার নতুন ভেরিয়েন্টে নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা উপেক্ষা

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 09:49 রাত • 188 বার পঠিত
ভারতে করোনার নতুন ভেরিয়েন্টে নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা উপেক্ষা

করোনাভাইরাসের তাণ্ডবে রীতিমত দিশেহারা ভারত। কিন্তু দেশটিতে নতুন ও অতি সংক্রামক একটি ভেরিয়েন্টের প্রকোপ ছড়িয়ে পড়া নিয়ে মার্চের শুরুর দিকেই সরকারকে সতর্ক করে দিয়েছিল ভারতীয় বিজ্ঞানীদের একটি প্যানেল। তবে সেই সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল দেশটির সরকার।

পাঁচ বিজ্ঞানীর প্যানেল বলেন, সতর্ক করা সত্ত্বেও ভাইরাস নিয়ন্ত্রণে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে চায়নি কেন্দ্রীয় সরকার। এতে লাখ লাখ লোক কোনো স্বাস্থ্যবিধি না মেনেই ধর্মীয় উৎসব ও রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন। এরইমধ্যে হাজার হাজার কৃষক দিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে সরকারের কৃষি নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মার্চের শুরুর দিকে ভারতীয় সার্স-কভ-২ জেনেটিকস কনসোর্টিয়াম বা আইএনএসএসিওজি সরকারকে সতর্ক করে দিয়েছিল। প্রধানমন্ত্রীকে সরাসরি রিপোর্ট করেন এমন কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এসব তথ্যউপাত্ত পৌঁছানো হয়েছিল কিনা; তা নিশ্চিত করতে পারেনি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বৈজ্ঞানিক উপদেষ্টাদের ফোরাম আইএনএসএসিওজি প্রতিষ্ঠা করা হয়েছিল। মূলত জনস্বাস্থ্যের জন্য হুমকি করোনার জেনোমের বিভিন্ন ধরন শনাক্ত করতেই এই ফোরামের গঠন করা হয়েছিল।

তারা প্রথমে বি.১.৬১৭ ধরনটি শনাক্ত করে, যা বর্তমানে করোনার ভারতীয় ধরন নামে পরিচিত। ফেব্রুয়ারির প্রথম দিকে ধরনটি শনাক্ত করে ১০ মার্চের আগেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে তথ্য পৌঁছে দেয় তারা। বিজ্ঞানীরা তখন বলেন, খুব দ্রুতই করোনার এই ধরন দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে।