শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে করোনা ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল পাঠাবে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 01:01 দুপুর • 120 বার পঠিত
ভারতে করোনা ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল পাঠাবে যুক্তরাষ্ট্র

ভারতে ভ্যাকসিন তৈরির জন্য শিগগিরই কাঁচামাল, মেডিক্যাল সরঞ্জাম ও সুরক্ষাসামগ্রী পাঠাবে যুক্তরাষ্ট্র। রবিবার এক টুইটবার্তায় এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, করোনা মহামারির শুরুতে আমাদের হাসপাতালগুলো উপচে পড়া রোগীর চিকিৎসা দিতে যখন হিমশিম খাচ্ছিল ঠিক তখনই ভারত সহায়তা নিয়ে এগিয়ে আসে। আমরাও ভারতের এমন জরুরি অবস্থায় তাদের পাশে থাকতে চাই।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, ভারতে কোভিডশিল্ড ভ্যাকসিনের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য জরুরি মেডিক্যাল সামগ্রী পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে থ্যারাপিউটিকস, র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট ও ভ্যান্টিলেটর দ্রুত পাঠানো হবে দেশটিতে।

বিশ্বে টিকা উৎপাদনকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট এখন অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টিকা তৈরির কাঁচামাল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। রবিবার সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট কমাতে বাতাস থেকে অক্সিজেন টেনে নেয়ার জন্য ৪৯৫টি কনসেনট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি, চীনও।