ভারতে করোনা টিকার দাম কমাল সিরাম
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকার প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ভারতে তাদের তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার এক টুইট বার্তায় সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা প্রতি ডোজ টিকার দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দেন।
তিনি বলেন, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কারণে আমি ডোজপ্রতি ৪০০ রুপি থেকে কমিয়ে ৩০০ রুপি করছি, যা এখন থেকেই কার্যকর হবে। তার মতে, টিকার দাম কমানোর কারণে ভবিষ্যতে রাজ্যগুলোর কয়েক হাজার কোটি রুপি বেঁচে যাবে। এটি টিকাদানের পথ আরও প্রশস্ত করবে এবং অসংখ্য জীবন বাঁচাবে।
প্রাথমিকভাবে ভারতীয় রাজ্যগুলোর জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৪০০ রুপি নির্ধারণ করেছিল সিরাম। বেসরকারি হাসপাতালের জন্য এর দাম ৬০০ রুপি। আর কেন্দ্রীয় সরকার মাত্র ১৫০ রুপিতেই টিকা পাবে বলে জানানো হয়।
কিন্তু বিভিন্ন পর্যায়ে দামের এমন পার্থক্য নিয়ে ক্রমেই বিতর্ক বাড়তে থাকে দেশটিতে। বিশেষ করে কেন্দ্রের তুলনায় রাজ্যকে দ্বিগুণেরও বেশি দামে কেন টিকা কিনতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও সিরামের পক্ষ দাবি করে, তৃতীয় দফায় কেন্দ্রীয় সরকারকেও ডোজপ্রতি ৪০০ রুপিতে টিকা কিনতে হবে। তবে তাতে বিতর্ক থামেনি।
এর মধ্যে সিরামকে করোনা টিকার দাম কমানোর নির্দেশ দিয়েছে মোদি সরকার। এর পরপরই সেই পথে হাঁটার কথা জানান সংস্থাটি।