ভারতে করোনা পরিস্থিতিকে আগ্নেয়গিরির সাথে তুলনা করল জাতিসংঘ
অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২০০ মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লক্ষাধিক। নানা পদক্ষেপ গ্রহণ করেও দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারি। দেশটিতে করোনার এ ভয়াবহতাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ।
জীবনের জয়গান এখানে নিস্তব্ধ, রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাজ্য- সব জায়গা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ও শনাক্ত প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে এর লাগাম কোথায় জানা নেই কারও।
গতকাল শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে ভারত। সেই সঙ্গে নতুন শনাক্তের সংখ্যা আবারও চার লাখ ছাড়াল।
যদিও মহামারি রুখতে মাহারাষ্ট্রসহ অন্য রাজ্যগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টিকাদান কর্মসূচির গতিও। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে অনেক দেরিতে পদক্ষেপ নিয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।