ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে মোড় নিচ্ছে
ভারতে বিগত জুন মাসে ব্যাপক মাত্রায় করোনার প্রকোপ দেখা যায়। সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনায় সর্বমোট মৃত্যু ও শনাক্তের প্রায় ৭০ শতাংশই ঘটে গত মাসে। এরই মাঝে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫০৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ।
ভারতে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় ১৭ হাজার ৪০০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে জুন মাসেই প্রায় ১২ হাজার মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জনের। এর মধ্যে জুনেই শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি।
ভারতের স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮ হাজার ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে কিছুদিন আগেই বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলেছেন, বর্ষা মৌসুমে, অর্থাৎ জুলাই ও আগস্টের মধ্যে ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। সার্বিকভাবে করোনার প্রকোপ বেড়ে চললেও জুনের শুরুর দিকে অর্থনৈতিক ধস কাটাতে ভারত লকডাউন শিথিল করে। এরপর থেকে সেখানে করোনা আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।