ভারতে জাল পাসপোর্ট-পরিচয়পত্রসহ ৪০ বাংলাদেশি আটক
ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৪০ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মুম্বাইয়ের ভিওয়ান্ডি ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন যাবত তারা দেশটিতে বসবাস করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
ভারতীয় এক কর্মকর্তার বরাতে মিডিয়াগুলো বলছে, মুম্বাইয়ের পার্শ্ববর্তী থানে জেলার অধীনস্থ ভিওয়ান্ডি শহর ও এর আশপাশের এলাকা থেকে ওই ৪০ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় অভিযুক্তদের অনেকের কাছ থেকে জাল পাসপোর্ট ও পরিচয়পত্র জব্দ করা হয়।
ভিওয়ান্ডি শহরের জোন-২ এর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) গণমাধ্যমকর্মীদের বলেছেন, আটককৃত বাংলাদেশিরা বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তিনটি পৃথক পুলিশ স্টেশনের অধীনস্থ এলাকায় বসবাস করতেন।
তিনি জানিয়েছেন, আটককৃতদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোনো কাগজপত্র ছিল না। আর তাই আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে এবং বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়। এবার বেশ কয়েকটি তল্লাশি অভিযানের মাধ্যমে অভিযুক্তদের আটক করা হয়েছে।
আটকের সময় ওই ৪০ বাংলাদেশির কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) কার্ড জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৯৪ হাজার রুপি।
মিডিয়াগুলো বলছে, উদ্ধারকৃত এসব ভুয়া নথিপত্রে মুম্বাই, গুজরাট এবং ভিওয়ান্ডির বিভিন্ন ঠিকানা ব্যবহার করেছিলেন আটককৃত বাংলাদেশিরা। এছাড়া তারা রেশন কার্ডও তৈরি করে ফেলেছিলেন। এর মাধ্যমে রাজ্যের দরিদ্র মানুষের মতো তারাও সুবিধা ভোগ করছিলেন বলে অভিযোগ রয়েছে।