ভারতে হাই-অ্যালার্ট, আল-কায়দার আত্মঘাতী বোমা হামলার হুমকি
মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় জিহাদী সংগঠন আল-কায়দা আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছে। আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) একটি চিঠিতে এই হুমকি দিয়েছে। তাদের হুমকিতে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সতর্কতা জারি করেছে।
আল-কায়দা বলেছে, তারা মহানবী (সাঃ) করা অপমানের বদলা নিতে ভারতীয় শহর ও রাজ্যে আত্মঘাতী বোমা হামলা করবে। চিঠিতে তারা রাজধানী দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ ও গুজরাটে হামলা করার কথা বলেছে। এটা তাদের কাছে
‘‘মহানবী (সাঃ) এর সম্মানের জন্য লড়াই।’’
ভারতীয় কেন্দ্রীয় সংস্থা সব রাজ্যে এই হামলার হুমকির কথা জানিয়েছে। তারা চিঠি পাওয়ার পর প্রথমে তা যাচাই করেছে। তারপর সব রাজ্যের ঝুঁকির কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনকে হাই অ্যালার্ট জারি করতে বলেছে।
‘‘কিছুদিন আগে ষড়যন্ত্রকারীরা এবং হিন্দুত্বের পতাকাবাহীরা, যারা এই অঞ্চলে নাশকতা করে এবং আল্লাহর শরিয়ার বিরোধিতা করে তারা সবচেয়ে সম্মানিত আল্লাহর পর সবচেয়ে খাঁটি মুহাম্ম্মদ আল মুস্তাফা, আহমাদ আল মুজতাবা এবং
তার মহিয়সী ও নিথাদ স্ত্রী, বিশ্বাসীদের মা সাইয়েদাহ আয়েশা বিনতে আবু বকর সিদ্দিকির অপমান খুব খারাপ ভাবে করেছে একটি টেলিভিশন চ্যানেলে।’’
আল-কায়দার চিঠিতে জানানো হয়েছে, ‘‘এই অপমানের প্রতিক্রিয়ায় সারা বিম্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং তারা প্রতিশোধ নেওয়ার ইচ্ছে পোষন করে।’’
এর সঙ্গে লেখা হয়েছে, ‘‘আমরা বিশ্বের প্রত্যেক উদ্ধত ও নির্বোধ মুখগুলোকে সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের যারা ভারত দখল করে বসে আছে যে আমরা আমাদের নবীর সম্মানের খাতিরে লড়াই করব। আমরা অন্যকে
লড়াই করতে এবং নবীর সম্মানের জন্য মরতেও উৎসাহিত করি। যারা আমাদের নবীকে অপমান করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে হত্যা করে ফেলা উচিৎ।’’
এরপর তারা হুমকিতে বলেছে, ‘‘আমরা আমাদের ও আমাদের সন্তানদের শরীরের বিস্ফোরক বেধে ফেলবো এবং যারা আমাদের নবীকে অপমান করার দুঃসাহস করে তাদের উড়িয়ে দেবো।’’
ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের নাম উল্লেখ করে আল-কায়দার চিঠিতে বলা হয়েছে, ‘‘চিহ্নিত ওইসব সন্ত্রাসীরা এখন দিল্লি, বোম্বে, ইউপি ও গুজরাটে তাদের শেষ দেখার জন্য অপেক্ষা করুক। তারা তাদের ঘরে কিংবা পরিত্যক্ত ক্যান্টনমেন্টেও আশ্রয় খুঁজে পাবে না।
প্রসঙ্গত, ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে।