ভারতে গত ৭ দিনে ২৭ লাখ ২৮ হাজার করোনা রোগী শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মে 2021, 10:15 রাত
•
277 বার পঠিত
ভারতে করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিন ৪ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানানো হয়েছে। দৈনিক শনাক্তে এটিও নতুন বিশ্ব রেকর্ড।
এ নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে; যার মধ্যে ২৭ লাখ ২৮ হাজার রোগী শনাক্ত হয়েছে শেষ ৭ দিনে।
মহামারীর বিস্তার এখন ভারতের পশ্চিম অংশ থেকে ক্রমশ পূর্ব দিকে সরছে বলে এক দিন আগে সতর্ক করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে। আর ভারতে সংক্রমণ এখন ঘনবসতিপূর্ণ শহর ছাড়িয়ে দুর্গম গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে।