ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৬১ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেল ভারত । তবে ১৩ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ একটু হলেও কমল। যদি কমলেও তা আড়াই লাখের বেশি রয়েছে।
মঙ্গলবার ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন। যা সোমবারের তুলনায় প্রায় ১৪ হাজার কম। সংক্রমণ একটু কমলেও দৈনিক মৃত্যু বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষাধিক নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১ হাজার ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে কোভিড মোট প্রাণ কাড়ল ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের।
রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, নার্সিংহোমগুলোতে শয্যা প্রায় আর খালি নেই। একই শয্যায় দু’জন রোগী শুয়ে থাকার দৃশ্য দেখা গেছে বেশ কয়েকটি রাজ্যে। এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর আসছে।
দৈনিক মৃত্যু এই পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতালে মর্গের বাইরে, শ্মশানে ও কবরস্থানে লাশের সারি পড়ে থাকছে। সব মিলিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে দেশটিতে, তা দেখা যায়নি করোনার প্রথম পর্বেও।