ভারতে ছাড়পত্র পেয়েছে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি
অনলাইন নিউজ পোর্টাল
•
13 এপ্রিল 2021, 09:07 রাত
•
221 বার পঠিত
করোনা টিকার সঙ্কটে ভুগতে থাকা ভারতে ছাড়পত্র পেয়েছে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই ছাড়পত্র দেয়ায় জরুরি ভিত্তিতে ভারতে এ টিকা প্রয়োগে আর কোনো বাধা থাকল না।
সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা টিকা কোভিশিল্ড এবং ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা হিসেবে ব্যবহার শুরু হবে স্পুটনিক ভি।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ৬০তম দেশ হিসেবে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিল ভারত। অনুমোদন পাওয়ার দিক থেকে বিশ্বের করোনা টিকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়ার তৈরি টিকাটি।
জানা গেছে, ভারতে স্পুটনিক ভি টিকা তৈরি করছে ডক্টর রেড্ডিজ। এই টিকা দুই ডোজের। ডক্টর রেড্ডিজ জানিয়েছে, মডার্না ও ফাইজারের পর স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি; ৯১.৬ শতাংশ।