ভারতে আগস্টে করোনা চরমে উঠতে পারে
গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে ৪০৩ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। কাজেই গত একদিনে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩২৪ জন।
গত চার দিন ধরেই দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করে গিয়েছে। চতুর্থ ওয়েভের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সব রাজ্যকেই সতর্ক করেছেন। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তাতে সব রাজ্যকে করোনা টিকাকরণে জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বেড়েছে।
মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, মিজোরাম, দিল্লি, হরিয়ানায় করোনা সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে। রাজধানী দিল্লির মত গোয়া এবং হরিয়ানাও মাস্ক বিধি কড়া করেছে। দিল্লিতে বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ শুরু করেছে কেজরিওয়াল সরকার। দ্রুত করোনার টিকা করণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশুদের টিকাকরণও বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য ৬ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের করোনা টিকা কথা ঘোষণা করেছে ভারত বায়োটেক। নীতি আয়োগ এই নিয়ে আলোচনা শুরু করেছে। কবে থেকে শিশুদের করোনা টিকাকরণ শুরু হবে তা এখনও স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। যদিও রাজধানী দিল্লিতে শিশুদের করোনা সংক্রমণ বাড়ছে। একাধিক স্কুলে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গবেষকরা দাবি করেছেন জুন মাস থেকে করোনা সংক্রমণ শুরু হয়ে যাবে ভারতে। আগস্ট মাসে সেই সংক্রমণ চরমে উঠবে। তার জন্য ইতিমধ্যে কেরালা, মহারাষ্ট্র প্রস্তুতি নিতে শুরু করেছে। গোয়া সরকার বাইকে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ জুন মাসে গোয়ায় আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেকারণে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে প্রমোদ সাওয়ন্ত সরকার। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একাধিক নির্দেশিকা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সব রাজ্যগুলিকেই এই নিয়ে সতর্ক করা হয়েছে।