শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 10:54 দুপুর • 634 বার পঠিত
ভারত ও পাকিস্তানের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান

ভারত ও পাকিস্তানের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ শনিবার  এ তথ্য জানিয়েছেন।
 ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত ১২টা থেকে পরের নির্দেশ না দেয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানগামী এবং ওই দুই দেশ থেকে ইরানগামী নির্ধারিত সকল বিমান চলাচল বন্ধ থাকবে।

এখন থেকে ওই দুই দেশের সাথে জরুরি প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো নিয়মিত ফ্লাইট চলবে না। ভারত ও পাকিস্তান হয়ে কোনো কানেক্টিং ফ্লাইটও ইরানের সাথে চালানো যাবে না।

বর্তমানে বিশ্বের ৪১টি দেশের সাথে ইরানের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে জানিয়ে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, যেসব দেশের করোনা পরিস্থিতিকে বিপজ্জনক তালিকায় রাখা হয়েছে সেসব দেশ থেকে আসা যাত্রীদেরকে ইরানে প্রবেশের পর আবার করোনা টেস্ট করাতে হবে।

ইরানে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। তারপরও দেশটি নিজের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে আরো বেশি বিপজ্জনক দেশগুলোর সাথে বিমান যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।