ভাগ্যিস সৌরভ ঠিক সময়ে হাসপাতালে গিয়েছিলেন
গত শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সভাপতি ও ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুকে ব্যথা অনুভব করেন, একপর্যায়ে অজ্ঞানও হয়ে যান। এরপর তাঁকে নেওয়া হয় কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এরপরেই একটিতে স্টেন্ট লাগানো হয়।
তবে আশার খবর, গাঙ্গুলী এখন সুস্থ আছেন। আজ হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন সৌরভ। ছাড়া পেলেও বাসায় তীক্ষ্ণ নজরদারিতে থাকবেন বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রূপালী বসু। তাঁর চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে গতকাল মঙ্গলবার বেঙ্গালুরু থেকে কলকাতায় গেছেন প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি এসে সৌরভকে দেখার পর পরবর্তী দুটি স্টেন্ট লাগানোর সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছিল।