শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

উত্তর কোরিয়ায় আক্রান্ত সবচেয়ে বেশি, মৃত্যু যুক্তরাষ্ট্রে

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2022, 11:01 দুপুর • 266 বার পঠিত
উত্তর কোরিয়ায় আক্রান্ত সবচেয়ে বেশি, মৃত্যু যুক্তরাষ্ট্রে

মাঝে বিশ্বে করোনাভাইরাসে রোজকার মৃত্যু বেশ কমেছিল। তারপর বেড়ে গেল। সেখান থেকে গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। এই একদিনে সারা দুনিয়ায় করোনায় মারা গেছেন ১ হাজার ৪১৩ জন। আর নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৭০৪ জন। এই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর কোরিয়ায়। আর সবচেয়ে বেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। 

আগের দিনের তুলনায় এদিন মৃত্যু কমেছে দুইশর বেশি। সব মিলে এখন করোনায় বিশ্বজুড়ে মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ সাত হাজার ৫৮৫। আর করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫৩ কোটি ১ লাখ ৪৭ হাজার ৯৯২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখে ওয়ার্ল্ডোমিটারস ওয়েবসাইট। তাদের কাছ থেকে শুক্রবার এসব তথ্য পাওয়া গেছে। 

তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় ১ লাখ ৫ হাজার ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই দেশে এখন করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৩৮০ জনে। আর এই ভাইরাসে মারা গেছেন ৬৮ জন। 

যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৬ জন। এই সময়ে নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮২৭ জন। দেশটিতে সব মিলে ৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯২০ জন এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ১০ লাখ ৩০ হাজার ৭১০ জন। 

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৯১ জন, আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০০ জন। এদিন জার্মানিতে শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬৩৯ জন রোগী, মারা গেছেন ৮৯ জন। ফ্রান্সে নতুন রোগী পাওয়া গেছে ২১ হাজার ২৩৪ জন। মারা গেছেন ২৮ জন। দক্ষিণ আফ্রিকায় এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০০ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের।

ব্রাজিলে এখনো নিয়মিত মানুষ মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন ১৩৬ জন। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৯১০ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত ব্রাজিলে মোট ৩ কোটি ৮ লাখ ৮০ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ২৪৮ জন। 

বিশ্বজুড়ে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ভারত। আর মৃত্যুর তালিকায় তারা তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২১৩ জন। করোনাভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৩৩ জন। দেশটিতে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৫২৫ জন।