উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৮,আহত ২০
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছে ৮ জন । এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ যাত্রী । তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আজ রোববার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। উজিরপুর উপজেলার বামরাইল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আরো বাড়তে পারে।
দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।