উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত। ২৮ মে ভারতের কেন্দ্রীয় সরকার শরনার্থীদের মধ্যে থাকা হিন্দু, শিখ, জেইন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ধর্মের মানুষদের ভারতীয় নাগরিক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
জানা যায়, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশের ১৩টি জেলায় আশ্রয় নেয়া শরণার্থীরা এই সুযোগ পাচ্ছেন।
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শিগগিরই এই নির্দেশিকা কার্যকর করতে হবে। যদিও এখনো পর্যন্ত ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্ভব হয়নি।
২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অমুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে। এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও তা শিগগিরই রূপায়ণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া করা শুরু করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে। ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।