উ. কোরিয়ার শহরে লকডাউন প্রত্যাহার করলেন কিম জং উন
দক্ষিণ কোরিয়ার সীমান্তের নিকটে অবস্থিত একটি বড় শহর থেকে লকডাউন প্রত্যাহার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে কয়েক হাজার মানুষ আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার গভর্নিং পার্টির একটি বৈঠককালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
বৈঠকে কিম জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া তার সীমান্ত বন্ধ রাখবে। এছাড়া যেকোনো ধরণের বিদেশি সহায়তাও প্রত্যাখ্যান করবে দেশটি। ভারী বৃষ্টিপাত এবং বন্যার ফলে দেশটির কয়েক হাজার ঘরবাড়ি, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সেগুলোর পুননির্মাণের কাজ শুরু করেছে দেশটি। এছাড়া সম্প্রতি করোনাভাইরাস নিয়েও ক্যাম্পেইন চালু করেছে উত্তর কোরিয়া। তবে এসব কাজে কোনো বিদেশি মানবিক সহায়তা নিতে ইচ্ছুক না দেশটি।
কিম বলেছেন তিন সপ্তাহের আইসোলেশন ব্যবস্থা শেষে বৈজ্ঞানিক যাচাইকরণে এটি স্পষ্ট হয়ে গেছে যে, কাসং-এ ভাইরাসের পরিস্থিতি এখন স্থিতিশীল। লকডাউন চলাকালীন সময়ে সহযোগিতা করার জন্য শহরটির বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।