তুরস্ককে ড্রোন প্রযুক্তি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে "কানাডা"
আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেয়ায় তুরস্ককে ড্রোন প্রযুক্তি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। আজারবাইজান ও আর্মেনিয়া মধ্যকার যুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ কানাডার। দেশটি থেকে ড্রোন প্রযুক্তি কিনে থাকে তুরস্ক ।
সোমবার সেই ড্রোন প্রযুক্তি তুরস্ককে বিক্রি বন্ধের ঘোষণা দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ চ্যাম্পইন। অন্যান্য সামরিক প্রযুক্তি বিক্রিও বন্ধ করা হচ্ছে বলে তিনি জানান।
গত বছর উত্তর সিরিয়ায় অভিযান চালানোয় তুরস্ককে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল কানাডা। তবে ন্যাটোর সদস্য হিসেবে আঙ্কারাকে ড্রোন প্রযুক্তিসহ নন-লেথাল সামরিক প্রযুক্তি বিক্রি করে আসছিল অটোয়া।
শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তুরস্কের মিত্র আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে লড়াইয়ে কানাডার প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে কিনা তা তদন্ত করবে অটোয়া।
আর্মেনিয়ার দখলে থাকা আজারবাইজানের ভূখণ্ড নাগরনো-কারাবাখকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে।
গত সপ্তাহে শুরু হওয়া এ লড়াইয়ে আজারবাইজানের বড় কয়েকটি শহরে হামলা চালিয়েছে আর্মেনিয়া। দুই দেশের বিপুলসংখ্যক সেনা ও বেসামরিক লোক হতাহত হয়েছেন।
ইতিমধ্যে আর্মেনিয়ার দখলে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ জাব্রাইল জেলাসহ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে আজারবাইজান। গত ২৭ বছর ধরে এসব এলাকা আর্মেনিয়া দখল করে রেখেছিল।