তুরস্কের দাবানল ভয়াবহ অবস্থা তবুও ইসরায়েলের সাহায্য প্রত্যাখ্যান
কিছু দিন যাবৎ তুরস্কে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে । এর মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ভয়াবহ দাবানলের আগুন নেভাতে আজারবাইজান, রাশিয়ার, ইরান ও ইউক্রেনের সহায়তা নিয়েছে। তবে দেশটি ইসরায়েলের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের দূতাবাস জানায়, ইসরায়েলের কর্মকর্তারা কিছুদিন আগে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দেন। জবাবে তুরস্ক ইসরায়েলকে ‘ধন্যবাদ’ প্রদান করে বলে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
তুরস্ক সহায়তা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আঙ্কারার ইসরায়েল দূতাবাস বলেছে, আগুন নেভাতে তারা তুরস্ককে সবসময় সহায়তা করতে প্রস্তুত।
গত বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলের সিরিনইয়ার বনে আগুন লাগে। পরে বাতাসের মাধ্যমে আগুন ১৩৮টি বনে ছড়িয়ে পড়ে। তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ফখরুদ্দিন আলতুন এক টুইট বর্তায় জানিয়েছেন, বর্তমানে ৩৫টি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। মোট ১২৯টি বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।