তুরস্কে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি
তুরস্কের উত্তরে অবস্থিত কৃষ্ণসাগর অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো আরো ১০ জন নিখোঁজ রয়েছে। অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। পানির কারণে রাস্তার পাশে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। পানির স্রোতে যানবাহন ভেসে গেছে যা পরে কাদায় ডুবে গেছে।
ইস্তাম্বুলে দেয়া এক ভাষণে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান বলেছেন, ওই অঞ্চলের বন্যা প্রতিবেশী প্রদেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। ফলে রাইজ এবং ট্র্যাবসনেও অনেকে আহত হয়েছেন। এরদোগান বলেন, আমরা যে প্রাথমিক প্রতিবেদন পেয়েছি সেখানে বন্যার ফলে ৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়া আরো প্রায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের মানবিক ত্রাণ ফাউন্ডেশন আইএইচএইচ জানিয়েছে, বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য একটি দল পাঠিয়েছে তারা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু বলেছেন, বন্যায় এখন পর্যন্ত ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় হাজারের বেশি সহায়তা কর্মী নিখোঁজদের সন্ধান করছেন। কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছিলো। তবে সেগুলো পুনরায় ঠিক করে চালু করে দেয়া হয়েছে।