টুইটারের ভারতীয় প্রধানকে আটক করেছে পুলিশ
টুইটারের ভারতীয় প্রধান মনিষ মাহেশ্বরীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার তাকে আটকের সংবাদ পাওয়া যায়।
টুইটারে সোমবার টুইপ লাইফ ওয়েবসাইটে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের ম্যাপের বাইরে দেখানো হয়। এ ঘটনায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বিতর্কিত সেই ম্যাপ তড়িঘড়ি মুছে ফেলে টুইটার। কিন্তু তাতে বিপদ কমেনি। টুইটারের ভারতীয় প্রধান মনিষ মাহেশ্বরীর বিরুদ্ধে উত্তর প্রদেশে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দাখিল হয়। ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি সংশোধিত আইন অনুসারে মনিষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
এর আগে চলতি মাসেই মনিষ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল গাজিয়াবাদে মুসলিম বৃদ্ধ নিগ্রহের ঘটনায়। এক মাসে জোড়া এফআইআর নিয়ে টুইটারের ভারতীয় প্রধান চাপে পড়েছিলেন। তা সামলে ওঠার আগেই মনিষ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করল উত্তরপ্রদেশ পুলিশ।