তথ্য প্রদানে চীনকে বাধ্য করতে পারে না ডব্লিউএইচও
করোনা ভাইরাসের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে জনমনে এখনো ধোঁয়াশা বিরাজ করছে। পাওয়া যাচ্ছেনা নির্ভরযোগ্য সূত্রে কোনো বিশুদ্ধ তথ্য। বিশ্বের পঞ্চশক্তির একটি হওয়ায় চীনকেও চাপ দেয়া যাচ্ছেনা আন্তর্জাতিকভাবে। বরং উল্টো দাবি উঠে এসেছে গত সোমবার। জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন করোনাভাইরাসের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চীনকে বাধ্য করতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
সংস্থাটির ওই শীর্ষ কর্মকর্তা আরো জানিয়েছেন, বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসের উৎপত্তি সম্পর্কে জানার জন্য প্রয়োজনে আরো ‘উচ্চ পর্যায়ের’ গবেষণার জন্য সংস্থাটির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হতে পারে।
চীনকে খোলাখুলিভাবে করোনার উৎস নিয়ে তথ্য প্রকাশে ডাব্লিউএইচও কীভাবে বাধ্য করবে, এক সাংবাদিক ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান মাইক রায়ানকে এমন প্রশ্ন করলে এর উত্তরে তিনি বিষয়টি নিয়ে এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে রায়ান আরো বলেন, এ ব্যাপারে কাউকে বাধ্য করার ক্ষমতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেই। আমরা আমাদের এই প্রচেষ্টায় আমাদের সকল সদস্য রাষ্ট্রের কাছে সহযোগিতা, এই প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ এবং সবার সমর্থন প্রত্যাশা করি।