শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন

অনলাইন নিউজ পোর্টাল • 08 এপ্রিল 2021, 08:39 রাত • 29 বার পঠিত
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন

ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু মুসলিমদের কাছে ভোট চাওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। গত ৩ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় তারকেশ্বরের সভায় বিজেপি’কে রুখতে সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয়, তার আবেদন করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘বিজেপি এলে মনে রাখবেন, সমূহ বিপদ। সব চেয়ে বেশি বিপদ আপনাদের।’

শুধু এটুকুই নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির নাম না করে মমতা বলেছিলেন, ‘সংখ্যালঘু ভাইবোন, আপনাদের কাছে হাতজোড় করে বলছি, ওই ছেলেটা বেরিয়েছে বিজেপি’র টাকা নিয়ে, ওর কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না।’

এরপরেই ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার নোটিশ পাঠায় কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ, শুক্রবারের মধ্যে তাকে এর জবাব কমিশনের কাছে পাঠাতে হবে।

মমতার বিরুদ্ধে অভিযোগ, তিনি জনপ্রতিনিধি আইন ভঙ্গ করেছেন। জনপ্রতিনিধি আইন অনুসারে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া যায় না। রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো যায় না।

মমতাকে যে নোটিশ পাঠিয়েছে কমিশন, তাতে জনপ্রতিনিধি আইন ও নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগের জবাব চাওয়া হয়েছে। নিয়মানুসারে, অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীপদ পর্যন্ত খারিজ করে দিতে পারে কমিশন।