শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টরন্টো বিমানবন্দরে নামার সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮

মোহাম্মদ খাইরুল আমিন • 18 ফেব্রুয়ারি 2025, 10:55 দুপুর • 193 বার পঠিত
টরন্টো বিমানবন্দরে নামার সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮

তুষারঝড়ের পর ঝড়ো আবহাওয়ার মধ্যে কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণকালে একটি যাত্রীবাহী উড়োজাহাজ উল্টে গিয়ে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা সঙ্কটজনক।

কর্মকর্তারা জানান, সোমবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে ৮০ জন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স জানায়, তাদের সহ-প্রতিষ্ঠান এন্ডেভার এয়ারের পরিচালনাধীন সিআরজে৯০০ উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। ১৬ বছরের পুরনো এই উড়োজাহাজটি কানাডার বোম্বার্ডিয়ার কোম্পানি তৈরি করেছিল।

কানাডার কর্তৃপক্ষ জানায়, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও অজানা, বিষয়টি তদন্ত করে দেখছে তারা।

ঘটনার পর যাত্রী জন নেলসন ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দমকলের একটি ফায়ার ইঞ্জিন তুষারে ঢাকা একটি টারমাকে পেট উপরের দিকে দিয়ে উল্টো হয়ে পড়ে থাকা উড়োজাহাজটিতে পানি ছিটাচ্ছে।

পরে তিনি সিএনএনকে জানান, উড়োজাহাজটি অবতরণ করার আগে অস্বাভাবিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।