ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
27 মার্চ 2025, 02:38 দুপুর
•
172 বার পঠিত
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। অভিযানে বিভিন্ন গন্তব্যের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, "ঈদযাত্রা কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতা প্রতিবছর লক্ষ্য করা যায়। এ বছরও এর ব্যতিক্রম নয়। তবে কালোবাজারিদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে।"
র্যাব-৩-এর অভিযানে ৩১৪টি আসনের মধ্যে ৮২টি টিকিট কালোবাজারিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মোবাইল সিমও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।