শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রেনের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলন, সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুলাই 2022, 04:26 দুপুর • 677 বার পঠিত
ট্রেনের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলন, সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা

রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনে নামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। আর তাই রেলের টিকিট বিক্রি করতে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান সংবাদ সম্মেলনে এসে এ সিদ্ধান্ত দেন।

তিনি জানান, দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগ তোলা মহিউদ্দিন রনিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। 

শুনানি শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত রনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এই রায়ে আমি সন্তুষ্ট। আমার পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আশ্বস্ত হতে পারবেন যে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অধিকার রক্ষা করবেই।’’

সহজ ডটকম অবশ্য এই রায়ে সন্তুষ্ট না। তাদের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।