শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রেনের ঈদের টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2022, 12:12 দুপুর • 300 বার পঠিত
ট্রেনের ঈদের টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়

এবারের ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষের সংখ্যা অনেক বাড়ার কথা। আর ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর স্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়। 

আজ শনিবার সকাল ৮টায় বিভিন্ন গন্তব্যের জন্য টিকিট বিক্রি করা শুরু হয়। টিকিট বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে দেওয়া হচ্ছে শুধামাত্র ২৭ এপ্রিলের টিকিট।

কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। 

কমলাপুরে মোট ১৬টি কাউন্টার। প্রতিটিতে প্রচণ্ড ভিড়। সকাল ৮টার ঠিক পরপর একজন টিকিট নিয়ে ফেরার পথে জানালেন, আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছিলেন। এরকম আগের রাত থেকে লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা অনেক পাওয়া গেছে।

কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ২৭ হাজার অগ্রিম টিকিট বিক্রির লক্ষ্য ঠিক করেছে তারা। এর অর্ধেকটা স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। বাকিটা অনলাইনে বিক্রি হওয়ার পরিকল্পনা। 

অগ্রিম টিকিট কাউন্টার ও অনলাইনে একযোগেই বিক্রি শুরু হয়েছে।

কালোবাজারি ঠেকাতে অগ্রিম টিকিট কেনার সময় কাউন্টারে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। তাই তাকে পরিবারের আরো তিনজনের টিকিটের জন্য ওই তিনজনের জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি দেখাতে হচ্ছে। 

রোজ নির্দিষ্ট একদিনের টিকিট বিক্রি হচ্ছে। আজ শনিবার যেমন শুধু ২৭ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে আগামিকাল রোববার বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, সোমবার ২৯ এপ্রিলের, মঙ্গলবার ৩০ এপ্রিলের আর বুধবার ১ মের টিকিট বিক্রি হবে। 

ঈদের পর ফেরার পালা। সেসময়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। যাত্রা শুরু ৫ মে থেকে। ১ মে শুধু সেদিনের টিকিট পাওয়া যাবে। এরপর ২ মে ৬ মের টিকিট, ৩ মে ৭ মের টিকিট, ৪ মে ৮ মের টিকিট পাওয়া যাবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ মে ঈদুল ফিতর হবে। সে অনুযায়ী ঈদের ৯ দিন আগে অগ্রিম টিকেট বিক্রি শুরু করল বাংলাদেশে রেলওয়ে। তবে ঈদ যদি ৪ মে হয়, তবে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকেট।

এই বছর আবার ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর ঈদে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

ঈদ উপলক্ষ্যে ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ৬ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এই ৬ জোড়া হলো- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। অবশ্য এসব বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।