ট্রাম্পকে বহনকারী বিমান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কাছে একটি বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে বিমানটির একদম পাশ ঘেঁষে একটি ড্রোন উড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাম্প বিমানটিতেই ছিলেন।
বিমানটিতে থাকা কয়েকজন আরোহী জানান, হলুদ ও কালো রঙয়ের ক্রস আকৃতির একটি বস্তু এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে আসে।
ছোট মাপের ড্রোনের সঙ্গে ধাক্কা লাগলে বিশালাকার বিমানের তেমন ক্ষতি হয় না। কিন্তু আকাশে ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগার মতোই ড্রোনের সঙ্গে সংঘর্ষে বিমানের উইন্ডস্ক্রিন চিড় ধরা বা ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে।
এই ধরনের ড্রোন ওড়ানোর উপরে নিয়ন্ত্রণ জারি করার জন্য বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছে মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলো। কারণ কারা এই ধরনের ড্রোন ওড়াচ্ছেন, কী তার উদ্দেশ্য, সে সম্পর্কে কোনো তথ্যই থাকছে না। এবার খোদ মার্কিন প্রেসিডেন্টের বিমান ড্রোনের সঙ্গে সংঘর্ষ এড়ানোর পর ফের একবার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।