ট্রাম্প সমর্থকদের র্যালিতে, বিরোধী দলের বাধায় সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন র্যালিতে বাধা দিয়েছে বিরোধীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, দুই পক্ষের মুখোমুখি অবস্থানে শনিবার রাতে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় পুলিশ।
দিনের শুরুতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে ট্রাম্পের সমর্থকরা। হোয়াইট হাউজ সংলগ্ন ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় জড়ো হতে থাকে তারা। গাড়ি শোভাযাত্রা করে র্যালি পরিদর্শনে দেখা গেছে ট্রাম্পকেও।
৩ নভেম্বরের নির্বাচনে এখন পর্যন্ত যা ফল, তাতে জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয় নিশ্চিত। জর্জিয়াতে জয় নিয়ে ডেমোক্র্যাটদের ইলেকটোরাল দাঁড়িয়েছে ৩০৬টি, যেখানে হোয়াইট হাউজে যেতে দরকার ২৭০টি। তবে এখন পর্যন্ত হার মেনে কোনো বক্তব্য বা বিবৃতি দেননি বাইডেনের চেয়ে ৭৪টি ইলেকটোরালে পিছিয়ে থাকা রিপাবলিকান ট্রাম্প। উল্টো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছেন তিনি। এই দাবির সমর্থনেই বিক্ষোভে নামে ট্রাম্প সমর্থকরা।
সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে সূর্যাস্তের পরপরই সেটি সহিংসতায় রূপ নেয়। টুইটারে শেয়ার করা ভিডিও ও ছবিতে বিশৃঙ্খলার চিত্র দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে একজন পুরুষ নিউ ইয়র্ক অ্যাভেনিউ ও ১১ নম্বর রোডের মোড়ে ছুরিকাঘাতে আহত হন। তবে তার অবস্থা গুরুতর নয়। লোকটি কাদের সমর্থক এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সহিংসতার অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হামলার সঙ্গে জড়িত তিন জন।