শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা, হয়নি চুক্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2025, 09:52 সকাল • 259 বার পঠিত
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা, হয়নি চুক্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দীর্ঘদিনের পাল্টাপাল্টি কথার লড়াই এবার সরাসরি বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

জো বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছিল ইউক্রেন। তবে গত ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলেনস্কির প্রতি তাঁর মনোভাব বদলে যায়। তিনি ইউক্রেনের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে আসছিলেন। তাই সবার দৃষ্টি ছিল এই আলোচিত বৈঠকের দিকে।

সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠকে জেলেনস্কির উদ্দেশে একের পর এক কঠোর মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, "আপনার দেশের জনগণ সাহসী, কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নয়তো আমরা আপনাদের পাশে থাকব না। আর আমরা না থাকলে আপনাকে একাই লড়তে হবে।" তিনি আরও বলেন, "আপনার হাতে কোনো শক্তিশালী বিকল্প নেই। আমরা যদি চুক্তিতে স্বাক্ষর করি, তবে আপনি সুবিধাজনক অবস্থানে থাকবেন। কিন্তু আপনার আচরণে কৃতজ্ঞতার কোনো প্রকাশ নেই।"

ট্রাম্পের কথার জবাবে জেলেনস্কি জানান, একজন খুনির (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয়। তিনি ট্রাম্পকে পুতিনের প্রতি নমনীয়তা দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানান। বিতর্কের একপর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও আলোচনায় যুক্ত হন এবং জেলেনস্কির কৃতজ্ঞতা না দেখানোর বিষয়ে অভিযোগ তোলেন। উত্তরে জেলেনস্কি বলেন, "আমি বহুবার বলেছি, আমেরিকার জনগণকে ধন্যবাদ।"

হোয়াইট হাউসে বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা রীতি। বৈঠকের শুরুতে ঘোষণা করা হয়েছিল, ট্রাম্প ও জেলেনস্কি যৌথভাবে সংবাদ সম্মেলনে আসবেন এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করবেন। কিন্তু কিছুক্ষণ পর হোয়াইট হাউস সংবাদ সম্মেলন বাতিলের ঘোষণা দেয়। বৈঠক শেষে জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

পরে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, "জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যখন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন আবার এখানে আসতে পারেন।"