ট্রাম্প ইরানি জনগণের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন: রুহানি
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরও থেমে যাননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেভাবেই হোক, ফের এই নিষেধাজ্ঞা কার্যকরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের বৃহত্তম লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেছেন, ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা এবং এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। রবিবার ইরানের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।
এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা করার মাধ্যমে শুধু ইরানি জাতির অধিকার লঙ্ঘন করেননি, একই সঙ্গে কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত একটি চুক্তির অবমাননা করেছেন।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে।
কিন্তু ওই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য মার্কিন সরকার গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যা ওই পরিষদের সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করে। ফলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়। এখন আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে নিশ্চিতভাবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।