তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ছে হাহাকার
কুড়িগ্রামের উলিপুরে হঠাৎ করে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের কবলে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, নদী তীরবর্তী মানুষের বসতভিটা ও ফসলি জমি। গত কয়েকদিনে দুইটি মসজিদসহ প্রায় শতাধিক পরিবারের বসতভিটা, গাছপালা ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে, হাট-বাজারসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ।
সরেজমিনে গতকাল বুধবার উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তার ভাঙনে পুরাতন বজরা জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী মসজিদটির অবকাঠামো ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। একই অবস্থায় পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
ওই এলাকার সবুজ মিয়া, সহিদুর রহমান, রাকিবুল ইসলাম, মাঈদুল ইসলামসহ অনেকে জানান, অব্যাহত নদী ভাঙনের কারণে ভিটে-মাটি, গাছপালা ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন। নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও সময়মত কোন পদক্ষেপ না নেয়ায় প্রতি বছর নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ।