শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তিস্তা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বড় ধরনের বিনিয়োগ করবে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 12:04 দুপুর • 331 বার পঠিত
তিস্তা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বড় ধরনের বিনিয়োগ করবে চীন

তিস্তা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির এক প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে চীন। তিস্তা নদীর বাংলাদেশ অংশে নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবনে এই প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে। ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন’ নামে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আনুমানিক আট হাজার কোটি টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।

প্রকল্পটি চীনের ঋণসহায়তায় পরিচালিত হবে এবং এরই মধ্যে চীন তিস্তা নদীতে কী ধরনের প্রকল্প হতে পারে সে বিষয়ে প্রাথমিকভাবে ধারণা নেয়ার জন্য জরিপ পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, ‘চাইনিজরা নিজেরাই স্টাডিটা করেছে নিজেদের খরচে। আমরা ইআরডিকে জানিয়েছি যে অর্থায়নের ব্যাপারে বিদেশী সহায়তার ব্যবস্থা করা যেতে পারে। এখন চাইনিজরা যদি ইআরডির সাথে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করে তা হলে হয়তো এটি আগাবে।’ বর্তমানে পরিকল্পনাটি ইআরডির আওতায় রয়েছে বলেও জানান তিনি। 

ভারত থেকে বাংলাদেশে যে ৫৪টি নদী প্রবেশ করেছে তার মধ্যে একটি হচ্ছে তিস্তা। এটি ভারতের সোলামো লেক থেকে উৎপন্ন হওয়ার পর সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে রংপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এটি চিলমারির কাছে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় রোহিঙ্গাদের বিষয়ে আলোচনার পাশাপাশি আরো কয়েকটি বিষয়ে চীনের সহায়তা চেয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেল্টা প্ল্যান ২১০০, ক্লাইমেট অ্যাডাপটেশন সেন্টার প্রতিষ্ঠা এবং তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট।

এ দিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তিস্তা প্রকল্পে চীনা বিনিয়োগে ভারত চ্যালেঞ্জের মুখে পড়বে বলে বর্ণনা করা হচ্ছে। ১৯৮৭ সালের পর থেকে তিস্তার পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কোনো চুক্তি নেই। 

অতি সম্প্রতি চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপড়েনের মধ্যে তিস্তা নদীর ওপর একটি প্রকল্পের জন্য চীনের কাছ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার ঋণ নেয়ার ব্যাপারে বাংলাদেশ আলোচনা করেছে বলে জানা গেছে।

বলা হয়েছে, চীনের সহায়তায় চলতি বছর ডিসেম্বর মাসেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করা হবে। আয়তনে তিস্তা নদী কোনো কোনো জায়গায় ১ কিলোমিটার আবার কোথাও ৫ কিলোমিটার পর্যন্ত চওড়া। তাই এই প্রকল্পের আওতায় চওড়ায় তিস্তার আয়তন কমিয়ে প্রায় ১০ মিটার পর্যন্ত নদীর গভীরতা বাড়ানো হবে; যার ফলে অনেক বেশি পরিমাণে পানি বহন এবং ধরে রাখা যাবে। অর্থাৎ দেশের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করবে তিস্তা।