টিপু-প্রীতি হত্যায় গ্রেপ্তার আকাশ ৭ দিনের রিমান্ডে
ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডে গ্রেপ্তার মোহাম্মদ আকাশকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন সোমবার এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশ অবশ্য আকাশকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত মঞ্জুর করেন ৭ দিন। উভয় পক্ষের শুনানি নেওয়ার পর এই নির্দেশনা দেন আদালত।
গত বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত খুনি আকাশকে বগুড়া থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই আকাশই টিপুকে গুলি করে হত্যা করেছেন। তার এলোপাতাড়ি ছোড়া একটা গুলিতে গুলিতে বিদ্ধ হয়ে মারা যান প্রীতি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার আশপাশের সময়ে রাজধানীর শাহজাহানপুরের আমতলায় জ্যামে আটকে ছিল টিপুর মাইক্রোবাস। তখন মোটরবাইকে চড়ে এসে আকাশ তাকে গুলি করে হত্যা করে। রাস্তায় জ্যামে আটকে থাকা রিকশা আরোহী প্রীতির গায়ে লাগে একটা গুলি। এই দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ড্রাইভার মুন্না প্রাণে বেঁচে গেছেন। নিহত টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি এই ঘটনায় মামলা করেন।