টিপু হত্যায় আকাশের ১৫ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লিগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আরফান প্রীতি হত্যা মামলার আসামী আকাশের ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আজ সোমবার আসামী আকাশকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে আকাশকে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এদিনই।
গত বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত খুনি আকাশকে বগুড়া থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই আকাশই টিপুকে গুলি করে হত্যা করেছেন। তার এলোপাতাড়ি ছোড়া একটা গুলিতে গুলিতে বিদ্ধ হয়ে মারা যান প্রীতি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার আশপাশের সময়ে রাজধানীর শাহজাহানপুরের আমতলায় জ্যামে আটকে ছিল টিপুর মাইক্রোবাস। তখন মোটরবাইকে চড়ে এসে আকাশ তাকে গুলি করে হত্যা করে। রাস্তায় জ্যামে আটকে থাকা রিকশা আরোহী প্রীতির গায়ে লাগে একটা গুলি। এই দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ড্রাইভার মুন্না প্রাণে বেঁচে গেছেন। নিহত টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি এই ঘটনায় মামলা করেন।