শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপু হত্যা: অস্ত্র মামলায় একদিনের রিমান্ডে দামাল

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2022, 07:05 বিকাল • 402 বার পঠিত
টিপু হত্যা: অস্ত্র মামলায় একদিনের রিমান্ডে দামাল

ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার আরফান উল্লাহ দামালকে অস্ত্র মামলায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন  আদালত। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আজ শুক্রবার এই আদেশ দিয়েছেন বলে জানা গেছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) শওকত আকবর।

দামালকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টিপু হত্যার ঘটনায় কমলাপুর এলাকা থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি রিভলবর উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরফান উল্লাহর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আজ আদালতে তুলে ঘটনার বিস্তারিত উদ্ধার করতে দামালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। দু্ই পক্ষের শুনানি শেষে আদালত দামালকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

প্রসঙ্গত, গত ২৪ মার্চ শাহজাহানপুরের আমতলী এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। জ্যামে মাইক্রোবাসে বসে ছিলেন তিনি। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীর গুলিতে পাশে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিও মারা যান। গুলিতে আহত হন টিপুর গাড়ি চালক মুন্না। 

ওই ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই হত্যাকাণ্ডের পর ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, আকাশ মূল খুনি। খুন করে জয়পুরহাট সীমান্ত থেকে তিনি দেশের বাইরে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বগুড়ায় ফিরে গিয়ে গ্রেপ্তার হন। 

আদালতে হাজির করে আকাশের রিমান্ড চাওয়া হয়েছিল। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তবে পুলিশ জানিয়েছিল, আকাশ মূলত ভাড়াটে খুনি। চুক্তির বিনিময়ে খুন করেছেন তিনি। এই হত্যাকাণ্ডের আরো বিস্তারিত উদ্ধার করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় ধরা পড়েছেন দামাল।