শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তিন মাসে পৌনে তিন লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি: ইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2025, 11:31 রাত • 252 বার পঠিত
তিন মাসে পৌনে তিন লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি: ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় পৌনে তিন লাখ আবেদন নিষ্পত্তির তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য দেন।

তিনি বলেন, "আমরা তিন লাখ ৭৮ হাজার আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন করার কথা বলেছিলাম। ১৬ মার্চ পর্যন্ত আমরা দুই লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি করতে পেরেছি।"

এছাড়া আরও তিন লাখের মতো আবেদন জমা পড়েছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, "যেগুলো পেন্ডিং আছে, সেগুলো আগামী ছয় মাসের মধ্যে (সেপ্টেম্বরের মধ্যে) নিষ্পত্তি করতে হবে। আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক, তারপর আমরা পুরো মনোযোগ সেখানে দিতে পারব।"

গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এনআইডি ডিজি জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, "যে গতিতে আবেদন নিষ্পত্তি হচ্ছে, তা ধরে রাখতে পারলে আমরা জনভোগান্তি কমাতে পারব।"

ভোটার নিবন্ধনের কাজ শেষ হবে ৫ মে, আর জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এনআইডি সংশোধনের প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, "কিছু জায়গায় একটি চক্র সক্রিয় রয়েছে। কেউ কেউ টাকার বিনিময়ে কাজ করছে বলে অভিযোগ পেয়েছি, এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।"

তিনি জানান, ইতোমধ্যে কিছু ইসি কর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। "আমরা গোয়েন্দা সংস্থাকে (ডিবি) কাজে লাগিয়েছি। ঠাকুরগাঁওয়ে আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদীতেও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে," যোগ করেন তিনি।

বর্তমানে নির্বাচন কমিশনের ডেটাবেজে ১২ কোটি ৩৭ লাখেরও বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে।