শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিকিট না পেয়ে রেল অবরোধ করেছেন শিক্ষার্থীরা

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুলাই 2022, 12:06 দুপুর • 599 বার পঠিত
টিকিট না পেয়ে রেল অবরোধ করেছেন শিক্ষার্থীরা

একদল শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য ট্রেনে করে যেতে চেয়েছিলেন রাজশাহী। টিকিট কাটতে স্টেশনে আসেন। কিন্তু তারা টিকিট পাননি। অনলাইনেও টিকিট পাওয়া যায়নি। সেই ক্ষোভে শিক্ষার্থীর দল রাজধানীর বিমানবন্দর স্টেশনে রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। 

আজ বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এর পর থেকে বিমানবন্দর স্টেশন হয়ে যেসব পথে রেল যোগাযোগ সেসব বন্ধ হয়ে গেছে। কেবল ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের সব রেলপথে ট্রেন চলাচল আসলে বন্ধ আছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, একদল শিক্ষার্থী টিকিট না পেয়ে রেল লাইনের ওপর অবরোধ করেন। তারা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। 

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বহু শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে আজ সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হযন। কিন্তু মাত্র কয়েকজনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে জানানো হয় যে আর টিকিট নেই। 

অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। কাউন্টার থেকেও আর টিকিট দেবে না। এই অবস্থায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রেললাইন অবরোধ করেন। কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর স্টেশনে আটকে যায়। 

অবরোধের এই সময়ে স্টেশনের টিকিট কাউন্টারও ভাংচুর করা হয়।