টিকা কিনতে মোট খরচ হয়েছে ১৯ হাজার কোটি টাকা
জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাসের টিকা ক্রয় নিয়ে তথ্য প্রকাশে অপারগতা জানালেও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া টিকার খরচের কথা জানিয়েছেন। তিনি জানান, দেশে এখন পর্যন্ত টিকা কেনার পেছনে ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি টিকা ক্রয় নিয়ে এই তথ্য দেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ হোসেন জানান, এ পর্যন্ত দেশের মানুষের জন্য ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। তবে এই টিকা কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন মন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের আয়োজনে চিকিৎসা ব্যয়বিষয়ক গবেষণা প্রতিবেদনের বিষয়বস্তু জানানোর এই অনুষ্ঠান শেষে লোকমান হোসেন মিয়া বলেন, ১৯ হাজার কোটির কিছু বেশি টাকা দিয়ে টিকা কেনা হয়েছে। এই খরচের মধ্যে উড়োজাহাজে টিকা আনাসহ অন্যান্য খরচ ধরা হয়নি।