টিকা গ্রহণে আকৃষ্ট করতে অভিনব সব পন্থা অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র
বিশ্বে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জোরেশোরে চলছে টিকাদান কর্মসূচি। কিন্তু টিকা গ্রহণে কিছু মানুষের অনীহা রয়েছে। সে কারণেই টিকা গ্রহণে মানুষকে আকৃষ্ট করতে অভিনব সব পন্থা অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র। যেখানে টিকা গ্রহণ করলেই পুরস্কার হিসেবে মিলবে ডলার।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, অঙ্গরাজ্যের কোনো সরকারি কর্মচারী টিকা নিলে ১০০ ডলার পাবেন। এক বিবৃতিতে গভর্নর ল্যারি হোগান বলেন, ‘টিকা গ্রহণের গুরুত্ব বোঝাতেই এই প্রণোদনার ব্যবস্থা। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সব ব্যবসাপ্রতিষ্ঠান মালিককেও কর্মীদের টিকা নেয়ার জন্য এ ধরনের প্রণোদনা দিতে আমরা উৎসাহিত করছি।’
মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর কর্তৃপক্ষ ৫০ মার্কিন ডলারের প্রি–পেইড ডেবিট কার্ড দিচ্ছে। কেউ যদি শহরের কোনো বাসিন্দাকে টিকাকেন্দ্রে নিয়ে যান, তাহলে তিনি পাচ্ছেন এই ডেবিট কার্ড। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে টিকা নিলেই পাওয়া যাচ্ছে সুন্দর ব্যাগ। ওয়েস্ট ভার্জিনিয়া কর্তৃপক্ষও প্রণোদনার কথা ভাবছে।
এদিকে নিউ জার্সি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, চলতি মে মাসের মধ্যে এই অঙ্গরাজ্যের যেসব বাসিন্দা করোনার টিকার প্রথম ডোজ নেবেন, তারা উপহার হিসেবে পানীয় পাবেন। টিকার সনদ দেখালেই পাওয়া যাবে এক বোতল পানীয়। কানেটিকাট অঙ্গরাজ্যও একই সুযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে টিকা কর্মসূচি জোরদারে এমন প্রণোদনার পেছনে কারণও রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যেভাবে টিকা কর্মসূচি চলছে, তাতে হার্ড ইমিউনিটি অর্জন অসম্ভব। কিন্তু আপাতত যেকোনো দেশেই করোনায় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সিংহভাগ জনগোষ্ঠীকে টিকা দেয়া জরুরি।