শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন নিউজ পোর্টাল • 10 ফেব্রুয়ারি 2021, 09:52 সকাল • 248 বার পঠিত
থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে রোহেল (৩০) নামে এক যুবক তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোহেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। থুতু ফেলার ঘটনার প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়।

বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর।

পরে রোহেলকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কবির হোসেন জানান, এ ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে।

কাউসারসহ বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।