শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টেলিটকের ফাইভ জি গেল আটকে

মোহাম্মদ খাইরুল আমিন • 02 আগস্ট 2022, 04:33 দুপুর • 260 বার পঠিত
টেলিটকের ফাইভ জি গেল আটকে

রাজধানীর ‘গুরুত্বপূর্ণ’ আবাসিক এলাকা ও সরকারি অফিসে দেড় বছর পর টেলিটকের ফাইভ জি সেবা চালু করার পরিকল্পনা ছিল। এজন্য ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার যে প্রকল্প প্রস্তাব করা হয়েছিল একনেক তা অনুমোদন না দিয়ে ফেরত পাঠিয়েছে। 

বাংলাদেশ এখন বিদেশি মুদ্রা খরচ করার ব্যাপারে খুব হিসেব করে চলছে। বৈদেশিক মুদ্রা বাঁচাতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অবস্থায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, টেলিটকের ওই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে ৮০ থেকে ৮৫ শতাংশ পণ্য বিদেশি মুদ্রা খরচ করে আমদানি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বৈদেশিক মুদ্রার চলমান সংকটের মধ্যে এ প্রকল্প না নিয়ে টেলিটকের ফোর জি সেবা ভালো করার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এদিন একেনেকে তোলে ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ’ প্রকল্পটি। 

পরিকল্পনামন্ত্রী জানান, ‘‘প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী স্থগিত করতে বলেছেন…, প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে আমার দরকার নেই। পরে যথাসময়ে বিবেচনা করা হবে।’’

প্রধানমন্ত্রী টেলিটকের ফোরজি সেবার মান বাড়াতে বলেছেন। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘‘আমরা এই মুহূর্তে (বৈদেশিক মুদ্রা) ব্যয়ে একটু সাবধানতা অবলম্বন করছি। এই ব্যয়টির প্রায় ৮০ শতাংশ বিদেশি। প্রকল্পটির জন্য যেসব যন্ত্রপাতি আমদানি করতে হবে, তা আমরা তৈরি করতে পারি না। সব ইম্পোর্ট করতে হবে। পুরোটাই ইউএস ডলারে পেমেন্ট করতে হবে। বর্তমানে আমাদের ডলার ব্যয়ের ওপর একটা ব্রেক আছে। এই প্রেক্ষিতে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন দরকার নেই, পরে দেওয়া হবে।’’