তেলেঙ্গানায় আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। খবর জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম এনডিটিভির খবর, বুধবার ভোর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে তেলেঙ্গানার সিকান্দারাবাদের ভোইগুড়ার একটি গুদামে। ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন কাজে তৎপর হয় এবং তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, যারা নিহত হয়েছেন তারা সবাই ওই গুদামের শ্রমিক। কাজ করতে তারা তেলেঙ্গানায় এসেছিলেন বিহার থেকে।
এনডিটিভি আরো জানিয়েছে, যখন গুদামে আগুন লাগে তখন দ্বিতীয় তলায় ১২ শ্রমিক ঘুমাচ্ছিলেন। এর মধ্যে একজন শ্রমিক লাফিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচান। কিন্তু বাকিরা আগুনে পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের কর্তারা বলেছেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে গুদামে আগুন লেগেছিল বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আর পুলিশ জানিয়েছে, ১১ জনের পোড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।