টাঙ্গাইলের ২৪ ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ
আজ টাঙ্গাইলের নাগরপুর, কালিহাতী ও মধুপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ ও ঘাটাইল পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইউপি নির্বাচনে ব্যালট পেপারে এবং পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
মোট ভোটকেন্দ্র ২৪৬টি। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৪ জন।
এদিকে জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।