শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন 

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 07:42 বিকাল • 239 বার পঠিত
টাঙ্গাইলে হত্যা মামলায় দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন 

টাঙ্গাইল জেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুনের মামলায় দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন। রায়ে দন্ডিত প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। 

দন্ডপ্রাপ্তরা হলো- ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেজনু মিয়া ও মিজানুর রহমান, ফয়জ উদ্দিনের ছেলে মনছুর আলী, গঙ্গাবর গ্রামের মৃত আলী ফকিরের ছেলে জামাল ফকির। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে খালাস দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামি সেজনু মিয়া পলাতক রয়েছেন। তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহারে জানা যায়, বিগত ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের একটি জমির দখল নিতে দন্ডপ্রাপ্তরা জমিতে প্রবেশ করে ও হাল চাষ করতে থাকে। এ সময় আব্দুর রহিম তাদের জমিতে হাল চাষের কারণ জানতে চাইলে দন্ডপ্রাপ্তরা আব্দুর রহিমকে পিটিয়ে আহত করেন। পরে তার ছেলে ও এলাকাবাসী আহতকে উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি খোরশেদ আলম ও হাসিমুল আক্তার। আসামি পক্ষের আইনজীবী ছিলেন যাইদ হাসান খান বাবু, দবির উদ্দিন ভুইয়া ও নাদিম উদ্দিন নিউটন।