টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন
বঙ্গবন্ধু সেতুতে সোমবার রাতে দুটি পিকআপ ও একটি ট্রাকের সংঘর্ষের পর টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকা থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এক হাজারের বেশি গাড়ি ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে আরেকটি পিকআপের সংঘর্ষ হয়। পরে আরেকটি ট্রাক এসে দুর্ঘটনা কবলিত পিকআপ দুটিকে ধাক্কা দেয়। এতে সেতু উপর যানজট সৃষ্টি হয়।
তিনি আরো জানান, যানজট নিরসনে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। পরে যানজট কমে যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে যানবাহনের গতি।