টানা দুদিন করোনায় মৃত্যুহীন রইল দেশ
দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। টানা দুদিন করোনায় মৃত্যুহীন রইল দেশ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়েছে। তা হয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশ। আগের দিন এই শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।
গতকাল রোববার সারাদেশে ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিনও করোনায় মৃত্যুহীন ছিল দেশ।
নতুন ২৪৩ রোগীকে নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ২০ লাখ ১১ হাজার ৫৬০। এর মধ্যে ২৯ হাজার ৩২৩ জন মারা গেছেন।
শেষ একদিনে ২৭৬ জন করোনা রোগী সেরে উঠেছেন। এদের নিয়ে সব মিলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।